দাঁড় করিয়ে অতিরিক্ত যাত্রী নিল পাকিস্তানি এয়ারলাইনস

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৭
সৌদি আরবগামী বিমানে বাস বা ট্রেনের মতো ‌যাত্রী দাঁড় করিয়ে নেয়ার কথা স্বীকার করেছে পাকিস্তান এয়ারলাইনস।
 
বিমানের সিটগুলোর মাঝখানের সরু জায়গায় দাঁড় করিয়ে নেয়া হয় ৭ যাত্রীকে। এমন ঘটনা কিভাবে ঘটল তা খতিয়ে দেখছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস।
 
ঘটনাটি ঘটে গত ২০ জানুয়ারি। এ নিয়ে এক খবরে ডন-এর খবরে বলা হয়, করাচি থেকে সৌদি আরবের মদিনাগামী বিমানে ৭ জন অতিরিক্ত ‌যাত্রী তোলে পাকিস্তান এয়ারলাইন্স। ট্রেন-বাসে যেমন মানুষ দাঁড়িয়ে ‌যাত্রা করে তেমনই দাঁড়িয়ে করাচি থেকে মদিনা পৌঁছে ‌যান ওই যাত্রীরা।
 
বিমানটিতে ৪০৯ জন ‌যাত্রীর বসার জায়গা থাকলেও বিমানে ছিলো ৪১৬ জন ‌যাত্রী। বাড়তি ৭ ‌যাত্রী দাঁড়িয়েই ‌যাত্রা করেন। ওই ‌যাত্রীদের হাতে লিখে বোর্ডিং পাস দেওয়া হয়।
 
বিমানে ‌যে অতিরিক্ত ‌যাত্রী রয়েছেন তা প্রথমে জানতেন না চালক। বিমান আকাশে উড়ার পর সেকথা জানানো হয় তাকে।
 
আন্তর্জাতিক বিধি অনুসারে কোনো বিমানে ধারণ-ক্ষমতার থেকে বেশি ‌যাত্রী তোলা নিষিদ্ধ। এতে নানা রকম জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে, জরুরি অবস্থায় ওই ‌যাত্রীদের জন্য অক্সিজেন মাস্কের ব্যবস্থা করা সম্ভব নয়।
 
 
ইত্তেফাক/মনসুর