জার্মানির হাইডেলবার্গে পথচারীদের উপর গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। এছাড়া হামলাকারী পালিয়ে যাবার সময় অন্তত ৩ পথচারীকে ছুরিকাঘাত করেছে।
তবে হামলাকারীকে ধরতে সক্ষম হয়েছে দেশটির পুলিশ। ব্যবহৃত গাড়িটি ফেলে গেলেও পুলিশ হামলাকারীকে আহত অবস্থায় ঘটনাস্থলের কাছের একটি পুরনো সুইমিং পুলের মধ্যে আটক করে। ৩৫ বছর বয়সী এ হামলাকারী মানসিক বিকারগ্রস্ত কিনা এ বিষয়ে পুলিশ স্থানীয় গণমাধ্যমকে এখনো নিশ্চিত করে কিছু বলেনি।
এ ঘটনায় জার্মান পুলিশ জানায়, হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। তবে এটা কোনো সন্ত্রাসী হামলা নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
IMG0
আহত তিনজনের মধ্যে ৭৩ বছর বয়সী এক জার্মান নাগরিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হামলায় আহত অপর দুজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
উল্লেখ্য, গতবছর ডিসেম্বরে জার্মানির বার্লিনে ক্রিসমাস মার্কেটে লরি হামলায় ১২ জন নিহত হন এবং ৪৯ জন আহত হয়েছিল। সিএনএন।
ইত্তেফাক/সেতু
