প্রেমিকাটি তার জন্য আকাশ থেকে চাঁদ-তারা পেড়ে আনতে বলেননি প্রেমিককে। চেয়েছিলেন, ফিল্মে দেখা হিরোইনদের মত বাইকের ট্যাঙ্কির উপর বসে প্রিয় মানুষটিকে আলিঙ্গন করতে। ভালোবাসার মানুষের মন রাখতে সেটাই করলেন শুভদীপ নির্মলকর। আর এর পরিণামে যেতে হলো জেলে।
ভারতের ছত্তিশগড় রায়পুরের বাসিন্দা শুভদীপ প্রেমিকাকে নিজের বাইকে বসিয়ে ঘুরতে বেরিয়েছিলেন নিউ রায়পুরে। বাইকের গতির ধুমে হঠাৎ-ই প্রেমিকার মাথায় ‘ফিল্মি হিরোইন’ হওয়ার শখ জাগে। ফিল্মে দেখা হিরোইনদের মত বাইকের ট্যাঙ্কির উপর বসে শুভদীপকে আলিঙ্গন করতে চায় সে। শর্ত একটাই, সে অবস্থাতেও পূর্ণগতিতে বাইক চালাতে হবে শুভদীপকে। প্রস্তাব পাড়তেই এক কথায় রাজি প্রেমে প্রেমিক।
প্রাণের ঝুঁকি নিয়ে চলন্ত বাইকের ব্যাকসিট থেকে সামনে আসে মেয়েটি। সাহায্য করে শুভদীপ। এরপর যা ঘটল, তা দেখে চক্ষু চড়কগাছ রায়পুরের পথচারীদের। বাইকের তেলের ট্যাঙ্কের উপর বসে গন্তব্যের দিকে পিছন ফিরে কথা মতোই প্রেমিককে আলিঙ্গন করে মেয়েটি। ভালোবাসা প্রমাণ করতে সে অবস্থাতেই তীব্র গতিতে কমল বিহার থেকে ধমন্তরির উদ্দেশ্যে বাইক চালিয়ে যেতে থাকে শুভদীপ।
IMG0
ভর দুপুরে রাস্তার মাঝে এই যুগলের 'আশিকি' বহুজনের ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নজর পড়ে পুলিশেরও। ছবিতে বাইকের নম্বর দেখে শুভদীপ নির্মলকরের বাড়ি পৌঁছে যায় পুলিশ। ট্রাফিক নিয়ম ভেঙে নিজের জীবন বিপদে ফেলে বাইক চালানোর জন্য তাকে গ্রেফতার করে তারা। সূত্র- নিউজ ১৮।
ইত্তেফাক/মনসুর
