ফিলাডেলফিয়ায় ইহুদি সমাধিক্ষেত্রে দুর্বৃত্তের হামলা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১১
আমেরিকার ফিলাডেলফিয়ায় ইহুদিদের একটি সমাধিক্ষেত্রে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এতে পাঁচশ’রও বেশি সমাধি ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র জুড়ে ইহুদিদের অবস্থানে হামলার হুমকির মধ্যে এই ঘটনা ঘটেছে।
 
রোববার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সেখানে হামলা চালিয়ে সমাধির কয়েকশ’ নামফলক অর্ধেক ভেঙ্গে ফেলা হয়। এসব সমাধির কয়েকটি শত বছরেরও বেশী পুরনো।
 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ইহুদি ধর্ম বিশেষজ্ঞ এবিসি টেলিভিশনকে বলেন, ফিলাডেলফিয়ার ঐতিহাসিক মাউন্ট কারমেল ইহুদি সমাধিক্ষেত্রে দুর্বৃত্তদের এ হামলায় অনেক সমাধির ক্ষতি হয়েছে।
 
এদিকে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে ফিলাডেলফিয়ায় ইহুদি সমাধিক্ষেত্রের পবিত্রতা নষ্ট করায় কঠোর ভাষায় এর নিন্দা জানিয়েছেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু