অভিশংসনের দাবিতে সিউলে পার্ক বিরোধীদের বিক্ষোভ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৭
প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের অভিশংসন নিয়ে সোমবার আদালত যখন চূড়ান্ত শুনানি করার প্রস্তুতি নিচ্ছে, তখন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল হয়ে উঠেছে বিক্ষোভের নগরী। অভিশংসনের সমর্থনে জোর ধ্বনি তুলছে পার্কবিরোধী লাখো মানুষ।
 
দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অভিশংসিত হন পার্ক। এ ঘটনায় সেসময় ব্যাপক বিক্ষোভ করে জনগণ। লাখ লাখ মানুষ তার বিরুদ্ধে রাস্তায় নামে। প্রেসিডেন্টের শপথ নেওয়ার চতুর্থ বার্ষিকীতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হল। গত শনিবার প্রায় ১৭ হাজার দাঙ্গা পুলিশ রাজধানীতে মোতায়েন করা হয়েছে। তারা পুলিশ বাস ও ব্যারিকেড দিয়ে পার্ক সমর্থক ও বিরোধীদের আলাদা রাখার চেষ্টা করেছেন।
 
পার্ক-বিরোধীরা হলুদ বেলুন এবং ব্যানার উড়িয়ে একদল প্রেসিডেন্ট ভবন ব্লু হাউসের দিকে, অন্যদল সাংবিধানিক আদালতের দিকে অগ্রসর হয়। এই আদালতই সিদ্ধান্ত নিবে  দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের অভিশংসন অনুমোদন না কি বাতিল করে দেওয়া হবে। দেশটির একটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান স্যামসাং গ্রুপের কার্যত প্রধান ও বিজনেস টাইকুন লি জায়-ইয়ং’কে গত সপ্তাহে আটক করা হয়। 
 
প্রেসিডেন্ট ও তার বান্ধবী চোই সুন-সিলের দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে তারও সংশ্লিষ্টতা খুঁজে পাওয় গেছে। এদিকে “অন্যান্য টাইকুনদের গ্রেপ্তার কর” বলে বিক্ষোভে চিৎকার করে প্রতিবাদকারীরা। বর্তমানে দেশটিতে পার্কের জনপ্রিয়তা ৬৭ শতাংশ থেকে ৫ শতাংশে পৌঁছেছে। ওদিকে আদালত যদি তার অভিশংসনের রায় বহাল রাখে, তাহলে পার্ককে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে এবং ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। আল জাজিরা।
 
ইত্তেফাক/সাব্বির