উত্তর কোরীয় নেতা কিম জং উনের নির্দেশেই তার সৎ ভাই কিম জং ন্যামকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড ঘটানোর ক্ষেত্রে দেশটির দুই মন্ত্রণালয় সব আয়োজন সম্পন্ন করে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা গতকাল সোমবার এই দাবি করেছে। খবর সিএনএনের।
দক্ষিণ কোরিয়ায় এমপিদেরকে গোয়েন্দা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রণালয় ন্যামকে হত্যার যাবতীয় ব্যবস্থা করে। এই দুই মন্ত্রণালয়ই সন্দেহভাজন দুই নারীকে হত্যাকাণ্ড সংগঠনে নিয়োগ দেয়। গোয়েন্দা সংস্থাটি জানায়, এটা ছিল কিম জং উনের নির্দেশে অন্যতম সন্ত্রাসী কর্মকাণ্ড।
দক্ষিণ কোরিয়ার এমপি কিম বিইউং একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাত্কারে বলেন, হত্যাকাণ্ডে দুটি গ্রুপ অংশ নেয়। একটি গ্রুপ সরাসরি হত্যায় অংশ নেয় এবং অন্যটি তাদের সহায়তাকারী হিসেবে থাকে। উত্তর কোরিয়া বরাবরই ন্যামের হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে।
তারা এটাকে দক্ষিণ কোরিয়ার মিডিয়ার অপপ্রচার বলে উল্লেখ করছে। গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারী ন্যামের মুখমন্ডলে উচ্চ মাত্রার বিষাক্ত রাসায়নিক ভিএস নার্ভ ছড়িয়ে দেয়। এর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ন্যাম মৃত্যুবরণ করেন।
ইত্তেফাক/সাব্বির
