সুইডিশ পার্লামেন্ট আইপিইউ প্রতিনিধিদলের স্টকহোমে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:২২

সুইডিশ পার্লামেন্ট-এর  আন্তঃসাংসদীয় ইউনিয়ন (Inter-Parliamentary Union-IPU) প্রতিনিধি দল গত ১৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে বাংলাদেশ দূতাবাস, স্টকহোমে একটি মধ্যাহ্নভোজ সভায় অংশ নেয়। প্রতিনিধি দলটি আগামী ০১-০৫ এপ্রিল ২০১৭ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য ১৩৬তম আইপিইউ এসেম্বলিতে অংশগ্রহণ করবে।

সুইডিশ পার্লামেন্ট-এর সাতজন সংসদ সদস্য ও বেশ কজন উর্দ্ধতন কর্মকর্তার সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন সুইডিশ পার্লামেন্ট-এর স্পিকার জনাব উরবান অহলিন।

উল্লেখ্য, আইপিইউ হচ্ছে বিশ্বের ১৭১টি পার্লামেন্ট ও ১১ টি সহযোগী সদস্য সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। যা ১৮৮৯ সালে প্রতিষ্ঠা লাভ করে। সংস্থাটি বিশ্বব্যাপী পার্লামেন্টসমূহের মধ্যে সংলাপের কেন্দ্রবিন্দু হিসেবে দায়িত্ব পালন করে এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্র ও বিশ্বশান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠায় কাজ করে থাকে।

বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ জনাব সাবের হোসেন চৌধুরী, এমপি, সংস্থাটির বর্তমান সভাপতি (২৮তম)।  তিনি ২০১৪ সালের অক্টোবর-এ আইপিইউ সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে তিন বছরের জন্য এ পদে আসীন হন। জনাব চৌধুরীই প্রথম বাংলাদেশী যিনি বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টসমূহের  সমন্বয়ে গঠিত এ সংস্থার সর্বোচ্চ নেতৃত্বের পদ অলংকৃত করলেন।

সুইডিশ পার্লামেন্ট বিগত ১২৫ বছর ধরে আইপিইউ’র সদস্য। সংস্থাটির যে কোন বার্ষিক এসেম্বলির প্রাক্কালে সংশ্লিষ্ট আয়োজক দেশের স্টকহোমস্থ দূতাবাসে (যদি থাকে) আলোচনা সভায় অংশগ্রহণ করে। এটি সুইডিশ আইপিইউ ডেলিগেশন-এর একটি প্রতিষ্ঠিত রীতি। আর তা মেনেই গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ দূতাবাস আয়োজিত লাঞ্চ ব্রিফিংয়ে স্পিকার জনাব উরবান আহলিন এর নেতৃত্বে অংশ নেয় সুইডিশ প্রতিনিধি দলটি।

লের অন্য সদস্যের মধ্যে সুইডিশ পার্লামেন্ট-এর চারজন জনপ্রতিনিধি (এমপি) ছিলেন। তাঁরা হলেনঃ জনাব ক্রিস্টার আর্নফেদার, জনাব আন্তি আফসান, মিজ মনিকা গ্রীন ও মিজ তেরেস লিন্ডবার্গ।

সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ গোলাম সারোয়ার প্রতিনিধি দলকে বিগত দুই দশক ধরে ৬ থেকে ৭ শতাংশ হারে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টি অবগত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমডিজি -এর লক্ষমাত্রা অর্জনসহ আর্থ-সামাজিক ক্ষেত্রে প্রভূত উন্নয়নের বিষয়টি উঠে আসে রাষ্ট্রদূতের বক্তব্যে।

ভিশন ২০২১ এবং ২০৪১ সম্পর্কে সুইডিশ আইপিইউ প্রতিনিধি দলকে জানানো হয়। ক্রমবর্ধমান বাংলাদেশ-সুইডন দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিকও স্থান পায় আলোচনায়।

সুইডিশ প্রতিনিধি দল বাংলাদেশের অর্জিত আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষত দারিদ্র দূরীকরণ ও নারীর ক্ষমতায়নের প্রশংসা করে এবং বাংলাদেশ-সুইডেন দ্বি-পাক্ষিক সম্পর্কের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে।

আলোচনাসভায় দূতাবাসের কাউন্সেলর জনাব শেখ মোঃ শাহরিয়ার মোশাররফ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু