গত বছর জার্মানিতে অভিবাসীদের ওপর প্রতিদিন প্রায় ১০টি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০১৬ সালের এসব সহিংসতায় মোট ৫৬০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪৩টি শিশু। পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানানো হয়েছে।
এতে দেখা যায়, মোট হামলার ৭৫ ভাগই অভিবাসীরা যেখানে থাকেন তার বাইরে ঘটেছে, কিন্তু প্রায় এক হাজারটি ঘটনায় অভিবাসীরা যেখানে থাকেন সেখানেই আক্রান্ত হয়েছেন। প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ২০১৬ সালে অভিবাসী ও শরণার্থীদের হোস্টেলগুলোতে ৩,৫৩৩টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২,৫৪৫টি হামলার শিকার ছিল। আবাসস্থলে হামলার ঘটনা ঘটেছে ৯৮৮টি। শরণার্থী সংস্থা ও স্বেচ্ছাসেবীদের ওপর ২১৭টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ৪৩টি শিশুসহ ৫৬০ জন আহত হয়েছেন।
২০১৫ সালে জার্মানিতে ছয় লাখ আশ্রয় প্রার্থী প্রবেশ করলেও ২০১৬ সালে তা কমে দুই লাখ ৮০,০০০ জনে দাঁড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের চুক্তি ও বলকান অঞ্চলে অভিবাসী ও শরণার্থীদের প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়ার পর আশ্রয় প্রার্থীদের সংখ্যা হ্রাস পায়। দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, সংঘাত ও নিপীড়ন এড়াতে দেশ ছেড়ে পালিয়ে আসা লোকজনের জন্য জার্মানির সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিলেন।
বিবিসি
ইত্তেফাক/নূহু
