ভূতের বাহিনী গড়তে একের পর এক মানুষ খুন!

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৪:১০
 
ক্ষমতা জাহির করতে শক্তিশালী ভূতের সৈন্যবাহিনী গড়তে চেয়েছিলেন রাশিয়ার সাবেক পুলিশ আরসেন বাইরামবেকভ। যাকে বেতন দিতে হবে না, খেতে দিতে হবে না অথচ সেই বাহিনী হবে অমিত শক্তিশালী।
 
মানুষের দ্বারা এমন কাজ সম্ভব নয়, বাইরামবেকভ জানতেন। তাই না-মানুষ দিয়েই তাঁর উদ্দেশ্য সাধনে তৎপর হন তিনি। অলৌকিক ক্ষমতায় বিশ্বাসী বাইরামবেকভ মস্কো থেকে ৯০০ কিমি দূরে ভারখনায়া পিস্মহা নামের এক ছোট শহরে তাঁর কর্মকাণ্ডের কেন্দ্র তৈরি করেন।
 
সেখানে তিনি চার জন অসহায় গৃহহীন মানুষকে ধরে নিয়ে আসেন। একে একে তাদের হত্যা করে কবর দিয়ে দেন। পরে সেই কবর থেকে তাদের পচা-গলা দেহ বের করে এনে তাদের মন্ত্রপূত করে চলমান ভুত বা জোম্বি বানানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত এই কারবার ধামাচাপা থাকেনি।
 
পুলিশ খোঁজ পায় বাইরামবেকভের এবং তার গুহায় হানা দিয়ে দেখতে পায় একটি বড় পাথরের টেবিলকে যূপকাষ্ঠ বানিয়ে তিনি ধরে আনা মানুষদের সেখানে বলি দিয়েছেন।
 
জেরায় বাইরামবেকভ স্বীকার করেছেন, তিনি সত্যি জোম্বি সেনাবাহিনী তৈরি করতে চেয়েছিলেন। বাইরামবেকভ পুলিসের চাকরিতে থাকাকালীনও অসংখ্যবার গণ্ডগোল করেছিলেন। দু’জন নিরপরাধকে হত্যা করার অভিযোগও তাঁর বিরুদ্ধে ছিল।
 
বাইরামবেকভের ঘটনা রুশ মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ২০০৮ থেকে রাশিয়ায় কালো জাদু বা অকাল্ট চর্চা দারুণ ভাবে বেড়ে গিয়েছে। জারতান্ত্রিক আমলের কুখ্যাত কালো জাদুকর গ্রিগরি রাসপুটিনের ভাবমূর্তিকে অনেক রাশিয়ানই উজ্জ্বল করতে চাইছেন। 
 
২০০৮ সালে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রনালয় জানায়, অন্যান্য সন্ত্রাসবাদের চাইতেও অনেক বেশি বিপদ এই অকাল্টিস্টদের নিয়ে। আপাতত সেদেশে প্রায় ৪ লক্ষ মানুষ নিয়মিত ব্ল্যাক ম্যাজিক প্রাকটিস করেন। প্রতিবছর ২৪ বিলিয়ন পাউন্ড পরিমাণ কালো টাকার লেনদেন হয় বলে জানিয়েছে এক বিশেষ সমীক্ষা। এবেলা।
 
ইত্তেফাক/আনিসুর