বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রদূত নিজেই মাঠে নেমেছেন। এ লক্ষ্যে দূতাবাস প্রতি মাসের প্রথম শুক্রবারকে মাসিক রেমিট্যান্স দিবস হিসেবে পালন করে। এই দিন আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী রেমিট্যান্স প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করে। গ্রীসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করতে দূতাবাস এই কর্মসূচি গ্রহণ করেছে।
এই উপলক্ষে গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন শুক্রবার এথেন্সে অবস্থিত ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বাংলাদেশ-এর এথেন্স শাখায় উপস্থিত হয়ে বৈধ-পথে রেমিট্যান্স প্রেরণ করেন। এ সময় রাষ্ট্রদূতের সাথে দূতাবাসের কাউন্সিলর ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী এবং প্রথম সচিব সুজন দেবনাথসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণও রেমিট্যান্স প্রেরণ করেন। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির চলমান কর্মসূচির অংশ হিসাবে এই আয়োজন করা হয়।
এ সময় গ্রীসের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও বিভাগ ও জেলা ভিত্তিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশে বৈধ-পথে রেমিট্যান্স প্রেরণ করেন। এই উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত স্বাধীনতার মাস মার্চে গ্রীস প্রবাসী বাংলাদেশী নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহবান জানান।
তিনি বলেন, স্বাধীনতার মাসে দেশের জন্য বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে আমরা দেশপ্রেমের স্বাক্ষর রাখতে পারি। রাষ্ট্রদূত আরো বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ এবং ২০৪১ সফল করার মাধ্যমে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
IMG0
রাষ্ট্রদূত বলেন, সবাইকে বিশ্বাস করতে হবে আমরা নিজেরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছি, আপনাদেরকেও বৈধ পথে পাঠাতে আহবান করছি। এ সময় রাষ্ট্রদূত রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে দূতাবাসের নেয়া কয়েকটি কর্মসূচির কথা প্রবাসীদের স্মরণ করিয়ে দেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসে গ্রীসে বাংলাদেশ দূতাবাস বৈধ পথে রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান করে।
রাষ্ট্রদূত সকলকে বৈধ ভাবে রেমিট্যান্স প্রেরণের আহবান জানিয়ে বলেন, দূতাবাসের রেমিট্যান্স সম্মাননা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপস্থিত সকলকে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জন্য রাষ্ট্রদূত ধন্যবাদ জানান। উপস্থিত প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ দূতাবাসের এই উদ্যোগকে সাধুবাদ জানায় ।
তারা বলেন, রেমিট্যান্স প্রেরণে রাষ্ট্রদূতের সশরীরে উপস্থিতি তাদেরকে উৎসাহিত করেছে এবং তাঁরা বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করতে উদ্বদ্ধু হচ্ছেন। হুন্ডি ব্যবসায়ীদের প্রতি এটি একটি সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করে বক্তারা দূতাবাসকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এই মাসিক রেমিট্যান্স দিবস প্রতি মাসে মেনে চলতে প্রবাসীরা প্রতিশ্রুতি দেন।
ইত্তেফাক/আনিসুর
