রাজধানীতে বাড়তি নজরদারি

আপডেট : ১১ মার্চ ২০১৭, ০৮:৪৫
 
গাজীপুরের টঙ্গিতে হরকাতুল জিহাদের মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজনভ্যানে হামলা ও কুমিল্লায় দুই জঙ্গি গ্রেফতারের ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। চেকপোস্টগুলোতে বাড়তি সতর্কতার নির্দেশ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার মিন্টো রোডে ডিএমপি সদর দফতরে পুলিশের মাসিক অপরাধ সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ডিএমপি’র ৮টি জোনের ডিসি, এডিসি, এসি, ডিবির ৪টি বিভাগের ডিসি ছাড়াও ৪৯টি থানার ওসি উপস্থিত ছিলেন।
 
ডিএমপি’র মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার মোঃ ইউসুফ আলী জানান, সভায় ডিএমপি’র ৪৯টি থানার ২৫৩টি বিট পুলিশের কার্যক্রমকে আরো সচলসহ এলাকাভিত্তিক জনগণের সঙ্গে পুলিশের সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেয়া হয়। যেসব ভাড়াটিয়ার তথ্য এখনো সংগ্রহ করা হয়নি তা এপ্রিল মাসের শেষ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট থানাগুলোকে জমা দেয়ার জোর তাগিদ দেয়া হয়।