'বিশ্ব এখন সবচেয়ে বড় মানবিক সংকটে'

আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৩:২০
 
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন, ১৯৪৫ সালের পর বিশ্ব বর্তমানে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে। তিনি এই ‘বিপর্যয়’ এড়াতে সহায়তারও অঙ্গীকার করেন।
 
শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান স্টেফান ওব্রাইয়েন নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, চারটি দেশের অন্তত দুই কোটি মানুষ চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। 
 
তিনি বলেন, সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে, লোকজন না খেয়ে মারা যাবে। আরো বিপুল সংখ্যক লোক রোগে ভুগবে এবং অনেকে রোগাক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পড়বে।
 
তিনি ভয়াবহ বিপর্যয় এড়াতে অনুদান সংগ্রহ করে ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও উত্তর-পূর্ব নাইজেরিয়ায় নিরাপদে ও নির্বিঘ্নে মানবিক ত্রাণ পাঠানোর ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
 
ওব্রাইয়েন আরো বলেন, জুলাইয়ের মধ্যে সব মিলিয়ে আমাদের ৪শ ৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন।
 
জাতিসংঘের এই কর্মকর্তা জানান, বড় অংকের অনুদানের ব্যবস্থা না হলে এসব দেশের অপুষ্টির কারণে শিশুদের শারীরিক বিকাশ ব্যাহত এবং তারা স্কুলে যেতে পারবে না। 
 
তিনি বলেন, চলতি বছরের শুরুতে আমরা যে মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছি, সেটি জাতিসংঘ সৃষ্টির পর এ যাবৎকালের সবচেয়ে বড় বিপর্যয়। -বাসস