সংসদের ভিআইপি ক্যাফেটেরিয়ায় উচ্চগতির ওয়াইফাই উদ্বোধন

আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৪:০২
 
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নেয়া সকল কর্মকাণ্ডের সমন্বিত প্রচার, সোশ্যাল মিডিয়া চ্যানেলসমূহে ডিজিটাল বাংলাদেশের নানাবিধ অর্জন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেয়া, জনপ্রতিনিধিদের সাথে জনগণের ফলপ্রসূ দ্বিমুখী যোগাযোগ আরও বেশী মাত্রায় সমুন্নত করার লক্ষে যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং সংসদ সচিবালয়ের সহযোগিতায় রবিবার জাতীয় সংসদের ভিআইপি ক্যাফেটেরিয়ায় “ডিজিটাল মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী এই উদ্যোগের প্রশংসা করে সকল সংসদ সদস্যগণকে সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল বাংলাদেশকে তুলে ধরার আহবান জানান। বক্তব্যের পর স্পীকার সংসদের ভিআইপি ক্যাফেটেরিয়া জন্য উচ্চগতির ওয়াইফাই উদ্বোধন করেন।
 
বিশেষ অতিথির বক্তব্যে সংসদের ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বি মিয়া বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে। আজকের এই উদ্যোগ সকল সংসদগণকে ডিজিটাল মিডিয়ায় আরো বেশী সোচ্চার হতে অনুপ্রেরণা যোগাবে।
 
সংসদের চীফ হুইফ আ. স. ম. ফিরোজ এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যে বলেন, সকল সংসদ সদস্যগণকে সোশ্যাল মিডিয়ায় অধিকহারে সম্পৃক্ত করতে তিনি প্রয়োজনীয় ও অব্যাহত সহযোগিতা করবেন।
 
কর্মশালার শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক “ডিজিটাল মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ” শীর্ষক এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অংশ নেন। এতে তিনি ডিজিটাল মাধ্যমের প্রাথমিক বিষয়াদি সম্পর্কে খুঁটিনাটি তুলে ধরেন এবং ডিজিটাল মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অর্জন প্রচারে সবাইকে আরও বেশী সরব হওয়ার আহবান জানান।
 
এ সময় তিনি দেশে-বিদেশে ডিজিটাল বাংলাদেশকে সমন্বিতভাবে প্রচারে সবার সহযোগিতাও কামনা করেন। কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী, অতিরিক্ত সচিব মো: হারুনুর রশীদ, অতিরিক্ত সচিব পার্থ প্রতিম দেব অংশগ্রহণ করেন।