গার্হস্থ্য অর্থনীতি কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি কলেজটির অধ্যক্ষ ফাতিমা সুরাইয়া জনদুর্ভোগ না করতে অনুরোধ করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রসঙ্গে জানতে চাইলে ইত্তেফাককে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তোমরা একেবারেই জনদুর্ভোগ করো না। জনদুর্ভোগ করে কোনোভাবেই কিছু আদায় করতে পারবে না।
প্রসঙ্গত, গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে সোমবার দীর্ঘ তিন ঘণ্টা নীলক্ষেত মোড় অবরোধ করে রাখে কলেজের শিক্ষার্থীরা। এসময় আশেপাশের সড়কগুলোতে সব ধরনের কয়েকশ গাড়ি যানজটে আটকা পড়ে। ফলে প্রচণ্ড রৌদ্রের মধ্যে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
যুক্তি দিয়ে শিক্ষার্থীদের আলোচনায় আসার পরামার্শ দিয়ে অধ্যক্ষ সুরাইয়া বলেন, আমরা তোমাদের চাহিদাগুলো পূরণ করবো। যেহেতু সরকার শিক্ষার্থীদের সব ধরনের দাবির প্রতি সহানুভূতিশীল। শিক্ষামন্ত্রী কমিটিও করে দিয়েছেন। সরকারে বিবেচনায় আছে। কমিটি কাজ করছে। এসময় ধৈয্য হারালে হয় না। যুক্তি দিয়ে আলোচনা করে বিষয়টি সমাধান করতে হবে। গার্হস্থ্য অর্থনীতিকে ইনস্টিটিউট করার প্রসঙ্গে অধ্যক্ষ ফাতিমা সুরাইয়া বলেন, এ বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশে একটি মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। সে কমিটি কাজ করছে।
রাস্তায় নামলে সেশস জট আবার বেড়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, কিন্তু এটাও তাদের কাছে কোনো ইস্যু না। ওরা দুটো ইনকোর্স পরীক্ষা বর্জন করেছে। ফাইনাল পরীক্ষাই এটার প্রভাব পড়বে। আমরা নানা রকম পরিকল্পনা দিয়ে সেশন জট মুক্ত করতে পেরেছিলাম সেটাও আসলে ব্যাহত হলো। ওরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে। ক্লাস পরীক্ষা বর্জন করেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
