মুক্তিযোদ্ধা হত্যায় কুষ্টিয়ায় তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৮:০১
 
কুষ্টিয়ার দৌলতপুরে খবির উদ্দিন নামের এক মুক্তিযোদ্ধাকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।
 
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সালাম শেখ (২২), জামেল মণ্ডল (৩০) ও হামিদ মালিথা (৩৫)।
 
২০১২ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামের মুক্তিযোদ্ধা খবির উদ্দিন জমিতে সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে বাড়ি থেকে বের হন। পরদিন সকালে বৈদ্যুতিক মোটরের পাশ থেকে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় খবির উদ্দিনের স্ত্রী উরজিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন।