‘জাতীয় শিশু কমিশন গঠন করতে হবে’

আপডেট : ১৬ মার্চ ২০১৭, ২০:৩২
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, বাংলাদেশের মোট জনংখ্যার শতকরা ৪৫ ভাগ শিশু। শিশুর সার্বিক কল্যাণের জন্য অবিলম্বে জাতীয় শিশু কমিশন গঠন করতে হবে। আমরা বিভিন্ন সময়ে এ বিষয়ে আলোচনা করেছি। সরকারের কাছে এ বিষয়ে উপস্থাপিত হয়েছে। এখন এই শিশু কমিশন গঠনের কাজটাকে আমাদের ত্বরান্বিত করতে হবে।
 
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি ২০১৬ : সংবাদপত্রের পাতা থেকে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
 
শিশু পরিস্থিতি প্রতিবেদনটি উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আবদুল্লা আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভলপমেন্টের প্রধান নির্বাহি মোসলেমা বারী। মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহীন আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর (মিডিয়া এন্ড কমিউনিকেশন) শাহানা হুদা রঞ্জনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।