ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রগামী বিমান উড়িয়ে দিতে পারে এমন আশঙ্কা থেকেই কেবিনে বড় ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে এই কথা।
মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাপটপ, ট্যাবলেট, পোর্টেবল ডিভিডি প্লেয়ার, আইপ্যাড ও ক্যামেরার মতো বড় আকারের ইলেকট্রনিক ডিভাইসও বিমানের মূল কেবিনে নেওয়া নিষিদ্ধ করেছে। চেকড ব্যাগেজের মাধ্যমে সেগুলো নেয়া যাবে। যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা জারি করার পরে যুক্তরাজ্য তাদের অনুসরণ করেছে।
এই সংশ্লিষ্টর কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, আইএস জঙ্গিরা ইলেকট্রনিক্স যন্ত্রে লুকানো বোমা ব্যবহার করে বিমানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে। এ তথ্য যাচাই করে দেখা হয়েছে এবং এটি বিশ্বাসযোগ্য বলে জানিয়েছেন তারা।
মার্কিন কংগ্রেসের ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাটিক সদস্য এরিক সোয়াওয়েল বলেন. আমরা জানি যে, আমাদের প্রতিপক্ষরা, যুক্তরাষ্ট্রের ভেতরের এবং বাইরের সন্ত্রাসী গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রমুখী ফ্লাইটগুলো ভূপাতিত করার চেষ্টায় আছে। এগুলো তাদের হামলার অন্যতম লক্ষ্যবস্তু। আর আমরা এখন সেটাই ঠেকানোর জন্য যা কিছু করা সম্ভব করছি।’
ইন্টেলিজেন্স কমিটির আরেকজন রিপাবলিকান সদস্য বলেছেন, ‘সর্বসাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’ বিবিসি।
