স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

আপডেট : ২৩ মার্চ ২০১৭, ২০:৪৫
পুরানো ঢাকার লালবাগের শহীদনগরে গৃহবধূ নুরুন্নাহার নন্নিকে জবাই করে হত্যার ঘটনায় স্বামী নূরে আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জয়দেবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের লালবাগ বিভাগের এডিসি নাজির আহমেদ খান।
 
তিনি বলেন, ওই গৃহবধূর লাশ উদ্ধারের পর তার স্বামী ও দুই সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এতে আমরা ধারণা করেছি তার স্বামী তাকে হত্যা করে পালিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম হত্যার দায় স্বীকারও করেছে।
 
আলমের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, ‘আলম দাবি করেছে, তার স্ত্রীর একাধিক ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল। বারবার তাকে নিষেধ করা হয়ে। কিন্তু নিষেধ অমান্য করে সে একই কাজ করতে থাকে। এই ক্ষোভ থেকেই মঙ্গলবার রাতে স্ত্রী নন্নিকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে বটি দিয়ে গলাকেটে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হতে শিল পাটা দিয়েও আঘাত করে। হত্যার পর ঘরে তালা দিয়ে বাবুবাজারে এক আত্মীয়ের বাসায় ৪ বছর ও ৭ মাসের দুই সন্তানকে রেখে গাজীপুরে চলে যান আলম।’
 
উল্লেখ্য গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে লালবাগের শহীদনগর এলাকার একটি বাসা থেকে গৃহবধূ নন্নির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে লালবাগ থানায় একটি মামলা করেন। ওই মামলায় নুরে আলমকে আসামি করা হয়।