তাসখন্দে স্বাধীনতা দিবস পালিত

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৬:৪৪
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে ৪৭তম স্বাধীনতা দিবস। রবিবার তাসখন্দে বাংলাদেশ রাষ্ট্রদূত মাসুদ রহমান এনডিসি চ্যান্সারি প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তাদের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু করেন।
 
পবিত্র কোরান থেকে তেলাওয়াত করে দোয়া মাহফিল ও এক মিনিট নীরবতা পালন করা হয় মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির স্মরণে। এছাড়া ১৯৭৫ সালে সপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যও দোয়া করা হয়। এরপর রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। মুক্তিযুদ্ধের সময় পরিচালিত গণহত্যার উপর ডকুমেন্টারি প্রচারিত হয়।
 
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন যার ফলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরির লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত। আলোচনা সভাশেষে দূতাবাসের কৃষ্টি শিশু ক্লাবের আয়োজনে ‘ও আমার দেশের মাটি’ গানটি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
 
ইত্তেফাক/সাব্বির