সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে পালিত হল প্রথম গণহত্যা দিবস ও ৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবস। রবিবার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের অনুষ্ঠানের সূচনা করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিষ্ঠুর হত্যাযজ্ঞে নিহত হাজার হাজার নিরীহ মানুষ ও নয়-মাসব্যাপী মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জনকারী লক্ষ লক্ষ শহীদদের ও নিপীড়িত জনতার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা করা হয়। গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমসে প্রকাশিত তিন পাতার ক্রোড়পত্র অতিথিদের মাঝে বিতরণ করা হয়। স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানটি ২৭ মার্চ স্থানীয় সাংগ্রিলা হোটেলে উদযাপিত হবে।
ইত্তেফাক/সাব্বির
