উত্তর ইতালি প্রবাসী বাংলাদেশী, স্থানীয় নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। রবিবার দিবসটিকে অধিক তাৎপর্যপূর্ণ করার জন্য কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজন করা হয় উন্নয়ন মেলা-২০১৭।
অনুষ্ঠানের শুরুতেই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী মহান শহীদ, নির্যাতিত নারী ও বীর মুক্তিযোদ্ধাদের। দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড উপস্থাপন।
আলোচনায় অংশ নিয়ে স্থানীয় প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মহিলা নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনায় কনসাল জেনারেল রেজিনা আহমেদ তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কর্মকাণ্ডের উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় কনসাল জেনারেল বিশেষভাবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বিদ্যুৎ উন্নয়ন, যোগাযোগ, শিল্প, বাণিজ্য ও বিনিয়োগসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতের সার্বিক অগ্রগতির একটি চিত্র তুলে ধরেন। তিনি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত সকল উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হবার মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করতে সকল প্রবাসী বাংলাদেশীকে আহবান জানান।
কনস্যুলেটের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, কমিউনিটির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ প্রায় ২০০ জন লোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সবশেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।
ইত্তেফাক/সাব্বির
