আমেরিকার প্রথমসারির বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স এবার দুই নারী যাত্রিকে ‘লেগিংস’ পরিহিত থাকার কারণে বিমানে উঠতে দেয়নি। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার শিকার হয়েছে এই বিমান সংস্থাটি। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মার্কিন মানবাধিকারকর্মী শ্যানন ওয়াটস জানান, ডেনভার থেকে মিনীপোলিস যাওয়ার পথে রোববার সকালে এই কাণ্ডটি ঘটায় ইউনাইটেড এয়ারলাইন্সের কর্মীরা।
তবে এ ঘটনায় ইউনাইটেড এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই দুই তরুণী স্পেশাল পাসের মাধ্যমে ভ্রমণের সুযোগ পেয়েছিলেন। আর এই বিশেষ সুবিধা নিয়ে ভ্রমণের ক্ষেত্রে যাত্রী, কর্মচারী ও তাদের অতিথিদের ড্রেসকোড মেনে চলতে হয় বলে জানায় তারা। তারা এও জানিয়েছে যে, নিয়মিত যাত্রীদের ক্ষেত্রে ‘লেগিংস’ পরিহিত থাকাটা কোনো সমস্যা নয়।
IMG0
ওই তরুণীরা কোম্পানিটির কর্মচারী ও যোগ্য নির্ভরশীলদের জন্য সংরক্ষিত ‘ইউনাইটেড পাস ট্রাভেলারস’ টিকিট বহন করছিলেন, যাতে এ ধরণের পোশাক অনুমিত নয় বলে সমালোচনার জবাবে টুইটারে ব্যাখ্যা দেয় ইউনাইটেড এয়ারলাইন্স। তারা আরো জানিয়েছে যে, এই ধরণের বিশেষ সুবিধায় ভ্রমণের ক্ষেত্রে যাত্রীরা ‘লিক্রা, সরু প্যান্ট, স্প্যানডেক্স লেগিংস, মিনি স্কার্টসহ ফ্লিপ-ফ্লপ’ ইত্যাদি পোশাক পরিধান করতে পারবেন না। বিবিসি।
