ইন্দোনেশিয়ায় হারিয়ে যাওয়া এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেলো বৃহৎ একটি অজগরের পেট থেকে। দেশটির পুলিশ জানায়, সুলাওয়েসি দ্বীপের পাম তেলের খামার থেকে ফেরার পথে গত রোববার আকবর নামের ওই ব্যক্তি নিখোঁজ হন।
পুলিশ আরো জানিয়েছে, ২৫ বছরের ওই ব্যক্তিকে খোঁজার উদ্দেশ্যে তল্লাশি চালিয়ে তারা বড়সড় একটি সাপের দেখা পান। আর সেই অজগরটি ওই ব্যক্তিকে শিকার করে ফেলতে পারে বলে সন্দেহ করেন তারা।
পরবর্তীতে প্রায় ৭ মিটার বা ২৩ ফুট লম্বা জালিকাকার ওই অজগরের পেট কেটে উক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তারা জানান, এই ধরণের অজগর বিশ্বের দীর্ঘতম সরীসৃপদের মধ্যে একটি এবং এরা শ্বাসরোধ করে শিকারকে হত্যার পর পুরোপুরি গিলে ফেলে।
তবে এই ধরণের ঘটনা খুবই বিরল জানিয়ে সুলাওয়েসি প্রদেশ পুলিশের মুখপাত্র মাসুরা জানান, মাঝেমধ্যে শিশু বা ছোট প্রাণীদের গিলে ফেলা নিয়ে খবরে আসে এইসব অজগর। তবে পূর্ণবয়স্ক মানুষকে আক্রমণ করতে খুব একটা দেখা যায়না।
এ ঘটনায় পর আশেপাশে আরো অজগর রয়েছে কিনা তা খতিয়ে দেখতে অনুসন্ধান চালানো হয়। কিন্তু সেখানে আর কোনো সাপ পাওয়া যায়নি বলেও জানান তারা। বিবিসি।
