নিউইয়র্কে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ কমিটি গঠন

আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৫:১৬
 
নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মকে নিয়ে গঠিত হলো সেক্টর কমান্ডারস ফোরাম-’৭১ মুক্তিযুদ্ধ। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নতুন এই সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
 
জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার, বিশিষ্ট ব্যবসায়ী হারুন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান সাঈদ, বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক সোলায়মান আলী, নুরুল আমিন বাবু, প্রমুখ।
 
সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ গঠনের পটভূমি, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচী আংশিকভাবে উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক রাশেদ আহমেদ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি ও নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, বিশেষ করে জাতীয় চার নীতি, যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্থ পরিবারের কল্যাণে কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
 
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। রাশেদ আহমেদকে আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারীকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। অন্যান্য নেতৃবৃন্দ হলেন, লাবলু আনসার ও হারুন ভূইয়া যুগ্ম আহ্বায়ক এবং সাঈদুর রহমান সাঈদ, নুরুল আমিন বাবু ও হারুন চৌধুরী সদস্য।
 

আহ্বায়ক কমিটি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে কেন্দ্রীয় কমিটির আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচীর ভিত্তিতে কর্মসূচী প্রণয়নপূর্বক উদযাপন ও বাস্তবায়ন করবে। আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।