স্মার্ট ফোন নিয়ে প্রশ্নপত্র সংগ্রহ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ০৯:১৪
 
স্মার্ট ফোনসহ ট্রেজারিতে প্রবেশ করে এইচএসসির প্রশ্নপত্র সংগ্রহের অভিযোগে রাজধানীর বেসরকারি কলেজের তিন শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
 
অভিযুক্ত শিক্ষকরা হলেন— ঢাকার শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজের সহযোগী অধ্যাপক (মার্কেটিং) আব্দুর রশিদ, মহাখালীর টিঅ্যান্ডটি মহিলা কলেজের প্রভাষক নাঈমা নাসরিন ও প্রভাষক মাহবুবুর রহমান।
 
গতকাল রবিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর ঢাকা কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিন শিক্ষকের  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
 
তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিকে নির্দেশনা দিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়ে গতকাল একটি আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
 
ইত্তেফাক/কাউছার