পিয়ংইয়ংয়ের সর্বশেষ দফায় চালানো অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে জাতিসংঘ অবরোধ জোরদার করলে পাল্টা এর জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধে চীন কোন পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র একাই এর ব্যবস্থা নিবে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পর তারা এ হুঁশিয়ারি দিয়েছে।
আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দেশ উত্তর কোরিয়া সাম্প্রতিক মাসগুলোতে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করেছে। একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে তারা বলছে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পারমানবিক অস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে পিয়ংইয়ং।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষকরা জানিয়েছেন, উত্তর কোরিয়া নতুন করে আরেকটি পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত দু’বছরে তারা পাঁচটি পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার অর্থনীতি আরো দুর্বল করে ফেলার চেষ্টায় মার্কিন অর্থ বিভাগ গত সপ্তাহে উত্তর কোরিয়ার ১১ জন ব্যবসায়ী প্রতিনিধি এবং একটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এএফপি।
ইত্তেফাক/সেতু
