খালিয়াজুরীতে বাঁধ ভেঙ্গে গেছে, ফসলের ক্ষতি ৫২কোটি টাকা

আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ২১:৫৪
 
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় গত কয়েকদিনে ফসল রক্ষা করা বাঁধ ভেঙ্গে যাওয়ার পর আবারো সোমবার রাতে কীর্তনখোলা বাঁধ ভেঙ্গে বিপুল পরিমাণ বোরো ফসল তলিয়ে গেছে।
 
এলাকাবাসী জানান, ভারি বর্ষা আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে এখানে বিগত তিন-চার দিনে পাঁচ-ছয়টি বাঁধ ভেঙ্গে সহস্রাধিক একর আধা পাকা বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ার পর এবার অধিকতর গুরুত্বপূর্ণ কীর্তনখোলা বাঁধ ভেঙ্গে তলিয়েছে আরো প্রায় ১০হাজার একর জমি ধান। এতে ভেঙ্গে গেছে হাজার হাজার কৃষকের কপাল। তারা পড়েছে নিজের ও গবাদি পশুর খাদ্য সংগ্রহের দুশ্চিন্তায়।
 
স্থানীয় কৃষি অফিস সূত্র জানায়, এবারে এপর্যন্ত খালিয়াজুরী উপজেলায় বাঁধ ভাঙ্গা ফলে প্রায় ১২হাজার একর জমির বোরো ফসল তলিয়েছে। সরকারি দাম ৯শ' টাকা মন অনুযায়ী তলিয়ে যাওয়া ফসলের মূল্য প্রায় ৫২কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬হাজার সাতশ' ৭০টি পরিবার।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, এখন ঝুঁকির মধ্যে রয়েছে ঝালখালির বাঁধ, পাইয়া বাঁধ, চতিয়া বাঁধ, মায়ারচর বাঁধ, মালিহাতা বাঁধ, গুরস্তানের নামা বাঁধ ও বয়রা বাঁধসহ আরো কিছু বাঁধ। ওই সমস্ত বাঁধের কয়েকটিতে পাউবো মাটি ভরাটের মাধ্যমে সংস্কার কাজ হাতে নিলেও গাজীপুর ইউনিয়নের সবগুলো বাঁধসহ উপজেলার অনেকটি গুরুত্বপূর্ণ বাঁধ তাদের প্রকল্পের আওতায় আসেনি। যেসব বাঁধে তারা কাজ করিয়েছে সেসব বাঁধের কাজে অনেক অনিয়ম হয়েছে বলে অসংখ্য অভিযোগ পাওয়া গেছে।