নদীতে পানি এসে পড়ায় বহু কাঙ্ক্ষিত নেত্রকোনার মগড়া সেতুর নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। আর এ কারণেই যানবাহনসহ জনসাধারণের চলাচলে নেমে এসছে চরম দুর্ভোগ। বর্তমানে নদীর ওপর বিকল্প হিসেবে যে দুটো বেইলি সেতু আছে সেগুলোও ভারী যানবাহন চলাচলের কারণে হুমকিতে আছে। এর একটি প্রবল স্রোতে ধসে পড়লে বন্ধ হয়ে যাবে জেলা সদরের সঙ্গে সকল প্রকার যোগাযোগ। কারণ সেতু দুটির গোড়া থেকে মাটি সরে যাচ্ছে, বেইলি সেতু দুটি এখন নড়বড়ে।
এ সেতুর নির্মাণ কাজ চলতি বছরের জুন মাসের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদার যথাসময়ে নির্মাণ কাজ শুরু না করায় গত তিনদিনে নদীতে পানি এসে পড়ায় নির্মাণ এলাকার সবটুকুই পানির তলে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে নির্মাণ কাজও। শুকনো মৌসুম ছাড়া নির্মাণ কাজ আর শুরু করা যাবে না বলে জানা গেছে।
তবে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার জানান, নদীর পানি একটু কমলে মাটি ফেলে দ্রুত কাজ শুরু করা হবে এবং যথাসময়ে শেষ করা হবে।
সড়ক পথে নেত্রকোনার লোকজনের সুনামগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচল করতে হলে মগড়া সেতু পার হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।
ইত্তেফাক/নূহু
