ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় আল-কায়েদার সন্দেহভাজন এক জঙ্গি নিহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র দেশটিতে জিহাদিদের বিরুদ্ধে তাদের বিমান অভিযান জোরদার করেছে। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা একথা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইয়েমেনের আবিয়ান প্রদেশে কাবার আল-মুরাকাশা শহরে বুধবার রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় আল-কায়েদার প্রাদেশিক কর্মকর্তা আহমেদ আলী সানাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এদিকে পেন্টাগন গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইয়েমেনে আল-কায়েদার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ৭০ বারের বেশী বিমান হামলা চালানোর খবর নিশ্চিত করেছে।
ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, আবিয়ান এবং পার্শ্ববর্তী শাবওয়া ও বাইদা প্রদেশে বিভিন্ন বিমান হামলায় সন্দেহভাজন অনেক জঙ্গি নিহত হয়েছে। উল্লেখ্য, সরকারি বাহিনী এবং রাজধানী নিয়ন্ত্রণ করা বিদ্রোহীদের মধ্যে দুই বছরের বেশী সময় ধরে গৃহযুদ্ধ চলায় ইয়েমেনে ক্ষমতার কেন্দ্রে শূন্যতা সৃষ্টি করেছে। এ সুযোগে আল কায়দা তাদের অবস্থান সুসংহত করছে।
গত জানুয়ারি মাসে দায়িত্ব নেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাইদা প্রদেশে আল-কায়েদার বিরুদ্ধে প্রথম কমান্ডো অভিযান চালানো হয়। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
