ফোরাম অব ইন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস'র উদ্যোগে এবং জবস্ বিডি'র সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দু'দিনব্যাপী চলবে চাকরি মেলা-২০১৭।
আগামীকাল শুক্রবার শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত। বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফোরাম অব ইন্টারপ্রেনারশিপ এন্ড বিজনেস'র সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।
লিখিত বক্তব্যে তিনি জানান, চাকরি মেলায় দেশের প্রায় ৪০টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে। মেলায় স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবে। এছাড়াও মেলায় বিশেষজ্ঞদের দ্বারা চারটি ক্লাস নেওয়া হবে। এই ক্লাসে সিভি তৈরির কৌশল, কিভাবে চাকরির ভাইভাইতে ভাল করা যায় ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই ক্লাস সেশন ছাড়াও থাকছে উন্মুক্ত প্রশ্ন-উত্তর পর্ব।
