ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি চলছে।
আগামী ১৯শে এপ্রিল ওই সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদ উপস্থিত থাকবেন। ২০০৬সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সাজ সাজ রবের মধ্যে রাষ্ট্রপতিকে বরণের জন্য ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হচ্ছে। প্রথম সমাবর্তন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহীত উল আলম জানান, প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তিনশ' গ্র্যাজুয়েট ও তিন হাজার পাঁচশ অতিথি বরণ করতেও ক্যাম্পাসে কাজ চলছে। গ্র্যাজুয়েটদের মধ্যে যারা সমাবর্তনে অংশগ্রহণ করতে আগ্রহী ইতিমধ্যে তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছে। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সমাবর্তনের অনুষ্ঠানস্থল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে চলছে সংস্কারের কাজ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনের ভেতরে ও বাইরে সংস্কারের কাজ চলমান। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, গাছে রঙ করা, শিক্ষার্থীদের বসার জন্য ছাতাসহ ক্যাম্পাসের বিভিন্ন ভবনে শুরু হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ।
ইত্তেফাক/জামান
