একদিনের সন্তান নিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন আঁখি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৮:০০
বগুড়ার সোনাতলায় একদিনের শিশু কন্যাকে কোলে নিয়ে এইচএসসি পরীক্ষায় দিচ্ছে আঁখি বেগম। 
 
শনিবার সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন তিনি। 
 
জানা গেছে, বগুড়া সদরের সাবগ্রাম শেখ পাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী শিহাব মণ্ডলের স্ত্রী ও গাবতলী সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী আঁখি বেগম একদিন বয়সী শিশু কন্যা নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে। সে ওই কলেজে মানবিক বিভাগের ছাত্রী। 
 
গত বছরের ২২ এপ্রিল মালয়েশিয়া প্রবাসী শিহাব মণ্ডলের সঙ্গে তার বিয়ে হয়। গত শুক্রবার রাতে বগুড়া শহরের একটি ক্লিনিকে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। 
 
পরীক্ষার্থী আঁখি বেগমের ননদ সাইরা বানু জানান, পরীক্ষায় অংশ নেয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে ক্লিনিক থেকে পরীক্ষা কেন্দ্রে আখিকে আনা হয়েছে। 
 
পরীক্ষা কমিটির সদস্য ও ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মুঞ্জুরে আলম জানান, আখির পরীক্ষা দেবার জন্য পৃথক আসনের ব্যবস্থা করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি