গৌরনদীতে মহাসড়ক বর্ধিতকরণ কাজে ধীরগতি

আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ০১:৫৯

ঢিমেতালে চলছে ঢাকা-বরিশাল মহাসড়কের বর্ধিতকরণ কাজ। এ কারণে গত সাত/আট মাস যাবত্ অন্য স্থানের মতো গৌরনদী অংশের প্রায় ২০ কি.মি সড়কের দু’ পাশে চলছে খোঁড়াখুঁড়ি।

গাড়ি চালক ও স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশের মাটি খোঁড়ার কারণে মূল সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে মূল সড়কের দু’ পাশ ভেঙে ফেলায় এটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়েছে। যার ফলে বাড়ছে দুর্ঘটনা। প্রতিদিন সাইড দিতে গিয়ে গৌরনদীর কোথাও না কোথাও গাড়ি খাদে পড়ে দুর্ঘটনা ঘটছে। এ কারণে গৌরনদী বাসস্ট্যান্ডে প্রায়ই যানজট লেগেই থাকে। তাই জনমনে ক্ষোভ বাড়ছে।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের বর্ধিতকরণ কাজ শুরু হয়েছে ২০১৬ সালের জুলাই মাসে। চুক্তি অনুযায়ী ২০১৭ সালের জুলাই মাসে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু ওই সময়ের মধ্যে শেষ হবে কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী দুলাল কুমার প্রামাণিক জানান, মন্থর গতিতে নয় মহাসড়কের বর্ধিতকরণ কাজ চলছে জোরে সোরে। আর সড়কের পাশে খোঁড়াখুঁড়ির কারণে কিছুটা সমস্যাতো হতেই পারে। তবে এটা কেউ ইচ্ছা করে করছে না বলে তিনি জানান।

ইত্তেফাক/নূহু