পরীক্ষার দাবিতে ইবি’র ক্লাসরুমে তালা

আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ২১:২৯
 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষার দাবিতে বাংলা বিভাগের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে তালা দিয়েছে।
 
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই বিভাগের শিক্ষার্থীরা তালা লাগিয়ে দুই ঘণ্টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেছে বলে জানা যায়। পরে বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাসের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 
 
বিভাগীয় সূত্র জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের (চতুর্থ বর্ষের) পরীক্ষা শেষ হয় গত বছরের আগস্ট মাসে। পরীক্ষা শেষে প্রায় ছয় মাসেও শুরু হয়নি মাস্টার্সের ক্লাস। এখনও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের ফলাফল প্রকাশ না হওয়ায় তাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। তাই ফলাফল প্রকাশ করে পরীক্ষা নেয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন বলে তারা জানিয়েছেন।
 
বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাস বলেন, 'বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে যে আন্দোলন করছে তা অত্যন্ত যৌক্তিকপূর্ণ। বিষয়টি নিয়ে আগামীকাল পরীক্ষা কমিটির সঙ্গে আলোচনা সভায় বসবো। আশা করছি খুব দ্রুত আমরা একটি সমাধানে পৌছাতে পারবো।'