শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ ৮ জনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন ওই ছাত্রীর মা। আদালতের পিপি আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের বিচারক মোহিতুল হক মামলা আমলে নিয়ে এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
বিবাদীরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সঞ্জীবন চক্রবর্তী পার্থ, একই বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী সাজ্জাদ রিয়াদ ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী মাহমুদুল হক রুদ্র।
বাদীপক্ষের আইনজীবী মশরুর চৌধুরী শওকত জানান, গত ৪ এপ্রিল শনিবার বিকেলে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়া ওই ছাত্রী তার ফুুফাত ভাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে বেড়াতে যান। শহীদ মিনার এলাকায় কয়েকজন ছাত্রলীগ কর্মী তাকে উত্ত্যক্ত করার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিক এর প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালান বিবাদীরা। হামলায় আহত শাবির সাংবাদিক সরদার আব্বাস ও নাবিউল আলম দিপু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তবে শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ দাবি করেন, শ্লীলতাহানি বা হামলার সঙ্গে আমি বা ছাত্রলীগের কেউ জড়িত না। এ বিষয়ে ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হোক।
