বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘ইংলিশ কালচারাল সোসাইটি’ নামক একটি সংগঠনের উদ্যোগে ‘চৈত্র সংক্রান্তি ১৪২৩’ পালিত হয়। বাংলা নববর্ষের ১৪২৩ বঙ্গাব্দের চৈত্র মাসের শেষ দিনটিকে বিদায় জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনের সামনে দুপুর দুইটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতির রীতি অনুযায়ী সকল ক্লান্তি নাশ করতে এই আয়োজন করা হয়ে থাকে। অনুষ্ঠানে আবহমান বাংলার নানা রকম খেলা যেমন- কানামাছি, হা-ডু-ডু, বৌ ছি, ঘুড়ি উড়ানো সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
খেলাধুলার প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে ছিল লোক গান, বাউল গান, রবীন্দ্র সংগীত সহ সব ধরনের লোক কলা। আয়োজন শেষে বুড়ির ঘর পোড়ানো হয়।
উল্লেখ্য যে, লৌকিক বিশ্বাসে বুড়ির ঘর পোড়ানোকে মনে করা হয় এর মধ্য দিয়ে জরা, ব্যধি, জীর্ন, অচলকে পুড়িয়ে ফেলা হলো।
আয়োজনে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন, সহকারী অধ্যাপক জিনাত শারমিন, প্রভাষক কাসফিয়া ইয়াসমিন অন্বা এবং ইংলিশ কালচারাল সোসাইটির চেয়ারপারসন মৌটুসি রায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী রক্তিম মিলন। ইংলিশ কালচারাল সোসাইটি এর সভাপতি নিল মিয়া এবং সাধারণ সম্পাদক আল আমিন প্রতিযোগিতার খেলা পরিচালনা করেন।
ইত্তেফাক/নূহু
