কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) বন্ধ ঘোষিত দুটি কেন্দ্রে আগামী ২৫ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে রবিবার এ সংক্রান্ত একটি পত্র কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বরাবরে পৌঁছে। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল।
গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দিন নগরীর ২১ নং ওয়ার্ডের কুমিল্লা সরকারি সিটি কলেজ এবং ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে সহিংস ঘটনার কারণে এ দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।
কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, `বন্ধ ঘোষিত দুটি কেন্দ্রে সংশ্লিষ্ট সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে আগামী ২৫ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাওয়া গেছে।’
