ব্যবসায়ী হত্যা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ০০:০৪

রাজধানীর এলিফ্যান্ট রোডের ডম-ইনো অ্যাপার্টমেন্টে নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যার মামলায় সাবেক কাস্টমস কমিশনার, কবি ও গীতিকার       একেএম শাহাবুদ্দীন নাগরীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অন্য দু’জন হলেন নিহতের স্ত্রী নুরানী আক্তার সুমি ও তার গাড়িচালক সেলিম। গতকাল সোমবার ভোরে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। কবি ও গীতিকার শাহাবুদ্দীন নাগরী নিহত ব্যবসায়ীর স্ত্রীর ‘বয় ফ্রেন্ড’ ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এদিকে গ্রেফতারের পর তাদের ঢাকা সিএমএম (মুখ্য মহানগর হাকিম) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মতলুবুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, গত ১৩ এপ্রিল এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ নম্বর ডমো-ইনো অ্যাপার্টমেন্টের ৫ম তলায় ব্যবসায়ী নুরুল ইসলামকে তার নিজ বেডরুমের ফ্লোরে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ১৪ এপ্রিল নিহত ব্যবসায়ীর বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে ভিকটিমের স্ত্রী নুরানী আক্তার সুমী, স্ত্রীর বন্ধু মো. শাহাবুদ্দিন নাগরী, গাড়িচালখ সেলিমসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় লেখক শাহাবুদ্দীন নাগরী এজাহারভুক্ত দুই নম্বর আসামি ছিলেন। এই মামলার পরিপ্রেক্ষেতে তাকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/নূহু