সিরিয়ার অবরুদ্ধ শহর থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ ফের শুরু

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৯:৪৮
সিরিয়ার অবরুদ্ধ বিভিন্ন শহর থেকে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আবারো সরিয়ে নেয়ার কাজ বুধবার শুরু করা হয়েছে। সপ্তাহান্তে এক শক্তিশালী বোমা হামলায় স্থানত্যাগী একশ’ ২৬ জন নিহত হওয়ায় এ কাজ বন্ধ হয়ে গিয়েছিল। 
 
ভয়াবহ ওই হামলায় নিহতদের মধ্যে ৬৮ জন শিশু রয়েছে। সরকার নিয়ন্ত্রিত ফুয়া ও কাফ্রায়া শহর থেকে অনেকগুলো বাস সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম আলেপ্পো নগরীর উপকণ্ঠে বিদ্রোহী নিয়ন্ত্রিত ট্রানজিট পয়েন্ট রাশিদিনিতে পৌঁছেছে।
 
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান এএফপিকে বলেন, ফুয়া ও কাফ্রায়া থেকে তিন হাজার লোককে সরিয়ে নিতে ভোরে কাজ শুরু করা হয়েছে। এ প্রক্রিয়ায় জাবাদানি ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অপর দু’টি এলাকা থেকে প্রায় ৩শ’ লোককে সরিয়ে নেয়া হচ্ছে। এএফপি।
ইত্তেফাক/সাব্বির