মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন করা হয়েছে। মঙ্গলবার নববর্ষ পালন করতে গিয়ে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন নববর্ষকে স্বাগত জানিয়ে বলেন, পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙ্গালির সর্বজনীন উৎসব।
IMG0
তিনি বলেন, পহেলা বৈশাখ আশা, উন্নতি ও শুভকামনার বার্তাবাহী। তিনি যোগ করেন, মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অঙ্গ যার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেসকোর স্বীকৃতিলাভ উদযাপন করতে শিশুদের দিয়ে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। চ্যান্সারি প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু অডিটোরিয়ামে সবাই সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গেয়ে ওঠেন।
IMG1
ওয়াশিংটনে বসবাসরত বাংলাদেশি শিল্পীরা লোক, আধুনিক গান উপস্থাপন করেন। সেলিম চৌধুরীর লোকসংগীতের পাশাপাশি শ্রীলংকা, নেপাল ও মিয়ানমারের শিল্পীরা অলংকৃত মঞ্চে নৃত্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিদেশি অতিথি, কূটনীতিক ও বিশ্বব্যাংকের বৈঠকে যোগ দিতে আসা জ্যেষ্ঠ বাংলাদেশি কর্মকর্তা ও বাংলাদেশি কম্যুনিটির নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিদের বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।-প্রেস রিলিজ।
ইত্তেফাক/সাব্বির
