দক্ষিণ কোরিয়ায় খাওয়ার উপযোগী ‘বুলফ্রগ’ ভেবে অন্য একধরণের বিষাক্ত ব্যাঙ খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির পুলিশ শুক্রবার জানিয়েছে, ওই ব্যক্তি ও তার সঙ্গীরা গত মার্চে দায়েজন শহরের নিকটবর্তী একটি জলাধার থেকে ৫ টি বড় আকারের ‘উভচর প্রাণী’ ধরে নিয়ে আসে।
এর একদিন পর তারা একটি রেস্টুরেন্টে এনে এগুলোকে রান্নার পর খেয়ে ফেলে। তাদের ধারণা ছিল এগুলো খাওয়ার যোগ্য ‘বুলফ্রগ’ জাতীয় ব্যাঙ। কিন্তু এর মাংস খাওয়ার পর ৫৭ বছর বয়সী লোকটি বমি করা শুরু করলে সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মারাত্মক বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিনি এ ঘটনার পরদিন মারা যান।
দেশটির পুলিশ আরো জানিয়েছে, আক্রান্তদের খাবারের অবশিষ্টাংশ পরীক্ষা করে দেখা গেছে, তাদের খাওয়া ব্যাঙের শরীরে প্রাণঘাতী বিষের অস্তিত্ব ছিল। তবে এ ঘটনায় অপর সঙ্গীরাও তীব্র বিষক্রিয়ায় আক্রান্ত হলেও কেনোরকমে প্রাণে বেঁচে যান তারা। বিবিসি।
ইত্তেফাক/সেতু
