মৃত নেতার স্বাক্ষর জাল করে ১৩ লাখ টাকা উত্তোলন

আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ২০:৪৩
 
রাজশাহী মহানগরীতে গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার জিয়াউল হক টুকুর স্বাক্ষর জাল করে সাড়ে ১৩ লাখ টাকার চেক ভাঙানোর অভিযোগ উঠেছে।
 
মেঘনা ব্যাংকের শাখার কতিপয় কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ের কতিপয় কর্মকর্তার যোগসাজশে এই জালিয়াতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
 
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ১০ মাস পর টুকুর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স 'প্রমিনেন্ট কন্সট্রাকশনে'র নামে চেক ইস্যু করে পশ্চিমাঞ্চল রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়। এরপর টুকুর স্বাক্ষর জাল করে ওই চেক সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয় থেকে উত্তোলনের করা হয়। এরপর আওয়ামী লীগ নেতা টুকুর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স 'প্রমিনেন্ট কন্সট্রাকশনে'র নামে মেঘনা ব্যাংকের শাখায় ভুয়া একাউন্ট খুলে ওই চেকের টাকা তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন টুকুর স্ত্রী নুরুন্নাহার।
 
উল্লেখ্য, গত বছরের ২৪ এপ্রিল রাজশাহী গোরহাঙ্গা এলাকায় নিজের চেম্বারে গুলিবিদ্ধ হয়ে মারা যান জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রশাসক জিয়াউল হক টুকু।
 
মেঘনা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক হেলাল উদ্দিন বলেন, 'আমি ১৯ এপ্রিল এই শাখায় যোগদান করেছি। শুক্রবার তিনি বিষয়টি শোনার পর খোঁজ নিয়েছি। প্রতিষ্ঠানের কাগজপত্র দাখিল করে ব্যাংকের নিয়মের মধ্যেই জিয়াউল হক টুকুর বড় ভাই আজমুল হক সাচ্চু ওই হিসাব খুলেছিলেন। যেখানে ১৩ লাখ ৫২ হাজার ৯৯০ টাকার চেক জমা দেয়া হয়েছিল। পরে চেকের টাকা তিনি তুলে নিয়েছেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যও জানেন বলে দাবি করেন এই ব্যাংক কর্মকর্তা।
 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, 'নুরুন্নাহারের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।' অভিযোগের সত্যতা পাওয়া গেছে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/জামান