সুবর্ণচরে গণধর্ষণ: আরও তিন আসামী গ্রেপ্তার

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২০:২৪

জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের উত্তর বাগ্যায় গত রবিবার রাতে স্বামীকে আটকে রেখে ছয় সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় জড়িত অন্য ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, আরমান, রুবেল ও রায়হান। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে ওই তিন আসামীকে গ্রেপ্তার হয়। এর আগে সোমবার গ্রেপ্তারকৃত দুইজনসহ এ মামলার এজাহার ভুক্ত আট আসামীর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা। তিনি  জানান, ঘটনার পরদিন সোমবার গ্রেপ্তারকৃত অপর দুই আসামী আবুল বাসার ও ইউসুফ মাঝিকে মঙ্গলবার জেলার ২নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসফিকুল হকের আদালতে হাজির করে ৭ দিনের করে রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক বুধবার রিমান্ড বিষয়ে শুনানির দিন ধার্য করেন এবং আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

অপরদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, মঙ্গলবার নির্যাতিতা ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তবে প্রতিবেদন প্রস্তুত করতে আরো কয়েক দিন সময় লাগবে। তিনি আরো জানান, ওই নারী ও তার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

আরো পড়ুন: পরকীয়ার অভিযোগে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন

উল্লেখ্য, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যার পর বাগ্যা গ্রামের এক নারীকে গণধর্ষণ ও স্বামীকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠে। স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিজয়ী ভাইস চেয়ারম্যান ফরহাদ চৌধুরী বাহারের সমর্থক ইউসুফ মাঝি ও বেচু মাঝির নেতৃত্বে ১০/১২ জন এ ঘটনা ঘটিয়েছে বলে ওই নারীর অভিযোগ এবং মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর দিন নির্যাতিতার স্বামী ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার জনকে আসামী করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। 

ইত্তেফাক/অনি