বাকৃবিতে পুলিশের সহায়তায় ছাত্রফ্রন্ট কার্যালয় নিয়ন্ত্রণে

আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ২০:৩৬
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কার্যালয় নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশের সহায়তায় কার্যালয় সিলগালা করে নিয়ন্ত্রণে আনে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) মধ্যে বৃহস্পতিবার থেকে কার্যালয় দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হচ্ছিল। ওই ঘটনার জের ধরে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে পুনরায় দুই দলের সংঘর্ষ বাধে। এসময় দুই দলের নেতাকর্মীরা লাঠি-সোটা, স্টাম ইত্যাদি দিয়ে আক্রমণ করে। এতে উভয় দলের প্রায় ১০জন আহত হয়। পরে পুলিশের সহায়তায় দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ দু'দলের নেতাকর্মীদের জব্বারের মোড় থেকে তাড়িয়ে কার্যালয়টি সিলগালা করে দেয়। পরিস্থিতি শান্ত রাখতে জব্বারের মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
এবিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেনের বলেন, 'প্রগতিশীল দুটি দলের কাছ থেকে এরকম কখনই কাম্য নয়। আমরা সমঝোতার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত নাশকতা এড়াতে পুলিশের সহায়তায় কার্যালয়টি নিয়ন্ত্রেণে আনা হয়েছে। পরে দু’ দলের সঙ্গে আলোচনার মাধ্যমে উভয় দলকে সুষ্ঠু রাজনীতি করার সুযোগ দেয়া হবে।'
 
ইত্তেফাক/জামান