গাজীপুরের কালীগঞ্জের সাবেক উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদকে লাঞ্ছিতের ঘটনায় প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইন্দু ভূষণ দেব স্বাক্ষরিত বরখাস্তের একটি চিঠি উপজেলা শিক্ষা অফিসে এসে পৌঁছেছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান উপজেলা শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ চলতি বছরের ৯ফেব্রুয়ারি ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান। এ সময় ওই বিদ্যালয়ে গিয়ে দেখেন নির্দিষ্ট সময়ের অনেক আগে স্কুল ছুটি হয়ে গেছে। প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি শিক্ষা অফিসারের উপর চড়াও হন এবং মারতে উদ্বর্ত হন। ঘটনা নিয়ন্ত্রণে আনতে ওই স্কুলের দুই সহকারী শিক্ষক এগিয়ে আসেন। তিনি পরিদর্শন বইতে ঘটনার কথা উল্লেখ করে স্বাক্ষর করে চলে আসেন। পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দাখিল করা হয়। সেই প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে। আর তার বিরুদ্ধে আনিত সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
আব্দুল্লাহ আল মামুন বলেন, 'বরখাস্তের খবর লোকমুখে শুনেছি। কিন্তু আমি এখনও কোন চিঠি হাতে পাইনি। তবে শনিবার সরকারি অফিস বন্ধ রবিবার অফিস খুললে হয়তো জানা যাবে।'
ইত্তেফাক/জামান
