কিশোরগঞ্জ প্রবাসীদের উদ্যোগে ভিয়েনায় বরণের আয়োজন করা হয়েছে বাংলা নববর্ষ। অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ভিএইচএস ফ্লরিসড্রফে গত ৩০ এপ্রিল বিকেলে অনুষ্ঠিত বর্ষবরণ এই অনুষ্ঠানে অস্ট্রিয়ান ও অন্যান্য ভাষাভাষীর মানুষ, বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিস বন্নিমা খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মোঃ: আবু জাফর।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, রাষ্ট্রদূত মোঃ আবু জাফরের সহধর্মিণী সালমা আহমেদ জাফর, বাংলাদেশ দূতাবাস ভিয়েনার অনারারি কাউন্সিলর মি কমার এরনষ্ট গ্রাফট এবং মি ভলফগাং উইনিনগার।
বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও চ্যান্সারী প্রধান শাবাব বিন আহমেদ, প্রথম সচিব মিস মালিহা শাহজাহান প্রমুখ। প্রথমেই অনুষ্ঠানটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মোঃ: আবদুল হামিদ কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনান রুহি দাস সাহা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাষ্ট্রদূত মোঃ আবু জাফর ও আয়োজক সংগঠনের পক্ষ থেকে রুহি দাস সাহা।
রাষ্ট্রদূত মোঃ আবু জাফর বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে। বাঙালি সংস্কৃতিতে উজ্জীবিত হবে প্রবাসে আমাদের নতুন প্রজন্ম।’ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রবাসী শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা।
বর্ণাঢ্য এই আয়োজনে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন, কানিজ খান, বন্নিমা খান, ঐশৈর্য্য, পূর্ণা, প্রজ্ঞা, প্রভা, সুবর্ণ, রামিতা, ইশিতা, অর্জন, প্রথমা, ঐশিক, পিয়ানা, মালিহা, জারা ও সারা প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর
