সিরিয়ায় যুদ্ধবিরতি সম্মতির সঙ্গে কোরীয় উপদ্বীপ নিয়ে ট্রাম্প-পুতিনের উদ্বেগ

আপডেট : ০৩ মে ২০১৭, ১৫:০৮
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বিশ্বে ক্ষমতাধর দেশের এই দুই নেতা। এছাড়া আলাপকালে তাদের কোরিয়া উপদ্বীপে যুদ্ধাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেও দেখা গেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম- বিবিসি জানিয়েছে।
 
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়ে একমত হয়েছেন যে, দীর্ঘদিন ধরে চলা সিরিয়ার যুদ্ধ এবং দেশটির নাগরিকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। তাই এর অবসান ঘটাতে সব পক্ষকেই তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় যুদ্ধ বিরতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে দুই দেশের প্রেসিডেন্ট সম্মত হয়েছেন। এর মাধ্যমে চলমান সিরিয়া সংকটের সত্যিকার অর্থের সমাধান বেরিয়ে আসবে।
 
বিবৃতিতে ক্রেমলিন আরো জানিয়েছে, ‘কোরিয়া উপদ্বীপের ভয়াবহ অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভ্লাদিমির পুতিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন।’
 
হোয়াইট হাউসের পক্ষ থেকে আরো বলা হয়, ‘উত্তর কোরিয়ার ভয়াবহ পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।’ উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু