প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সানিয়াজান গুচ্ছগ্রামের উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী এসময় লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও ফরিদপুর জেলার ১১টি গুচ্ছগ্রামের উদ্বোধন করেন।
গুচ্ছগ্রাম উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, '১৯৭২ সালের ২০ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় গুচ্ছগ্রাম প্রকল্পের কাজ শুরু হয়।' তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ আর ভূমিহীন থাকবে না। জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে আপনারা সবাই আন্তরিকভাবে কাজ করবেন তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।'
লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খাঁনের সঞ্চালনে প্রধানমন্ত্রী উপকারভোগী নারী ও পুরুষের কথা শুনেন। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ আলহাজ্ব মো. মোতাহার হোসেন এমপি, মহিলা সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম, ভূমি মন্ত্রণালয় গুচ্ছগ্রাম প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের (সি.ভি.আর.টি) প্রকল্প পরিচালক মাহবুবুল আলম, পুলিশ সুপার রশিদুল হক, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নূর কুতুবুল আলম, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম নাজু।
ইত্তেফাক/জামান
