দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন দুটি বোমা নিস্ক্রিয়করণে জার্মানির হ্যানোভারে ৫০ হাজার মানুষ সরিয়ে নেয়া হচ্ছে। রবিবারের এই অপারেশনটি জার্মানির এমন দ্বিতীয় বৃহত্তম অপারেশন, হ্যানোভারের এক দশমাংশ মানুষ এতে প্রভাবিত হবে।
বাসস্থানসহ সাতটি কেয়ার হোম, একটি ক্লিনিক ও একটি টায়ার ফ্যাক্টরিও খালি করা হবে। কর্তৃপক্ষ আশা করছে, রবিবার সন্ধ্যার মধ্যে সবাই বাড়ি ফিরতে পারবে। রবিবার স্থানীয় সময় সকাল ৯টায় অভিযান শুরু হবে এবং সবাইকে বাড়ি ছেড়ে যাওয়ার আগে গ্যাস ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে যেতে বলা হয়েছে। বাড়ি খালি করা মানুষের কষ্ট লাঘব করতে জাদুঘর ভ্রমণ, শিশুদের চলচ্চিত্র ও খেলাধুলার আয়োজন করা হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হ্যানোভারে প্রচণ্ড বোমাবর্ষণ করে মিত্রশক্তি। ১৯৪৩ সালের ৯ অক্টোবরে শহরটিতে আড়াই লক্ষ বোমা বর্ষণ করা হয় যেখানে ১২৪৫ জন মানুষ নিহত হয়, আড়াই লক্ষ মানুষ হয় বাস্তুচ্যুত।
জার্মানিতে বোমা নিস্ত্রিয়করণ সংক্রান্ত মানুষ সরানোর সবচেয়ে বড় অভিযান হয়েছিল গত বছরের বড়দিনের ছুটির সময় অগসবার্গে। ভবন নির্মাণের কাজের সময় ৩.৮ টন ওজনের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বোমা নিস্ক্রিয় করতে ৫৪ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছিল। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
