গুরুদাসপুরে হারিয়ে যাওয়া শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট : ০৬ মে ২০১৭, ১৯:৫৯
 
নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় ঘোষপাড়া মহল্লার মোহন ঘোষের আড়াই বছরের মেয়ে শিশু দৃষ্টি ঘোষ শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশ থেকে হারিয়ে যায়। শনিবার দুপুর তিনটার দিকে প্রতিবেশী প্রদীপ সরকারের ঘর থেকে ওই শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
এঘটনায় ওই শিশুর পিতা মোহন ঘোষ বাদী হয়ে প্রদীপ সরকার (৪০), তার স্ত্রী রীতা রানীকে (৩৫) অভিযুক্ত করে মামলা করেছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য প্রদীপের ছেলে হৃদয় (১২) ও ব্রজ দাস নামের দুইজনকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে লাশ উদ্ধার করা হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত শিশুর পিতা মোহন ঘোষ পেশায় একজন ব্যবসায়ী। শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়। ওই দিন বিকেলে প্রতিবেশী প্রদীপের ছেলে হৃদয়ের সঙ্গে খেলা করছিল। খেলার একপর্যায়ে ওই শিশু অভিযুক্তের বাড়িতে গেলে সেখান থেকে আর ফেরেনি। খোঁজাখুজির পর মোহন থানায় জিডি করেন।
 
গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, 'শুক্রবার থেকে টানা তল্লাশির পর ওই শিশুর লাশ পাওয়া গেছে। হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। শিশুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কিভাবে হত্যা করা হয়েছে তা পোস্টমর্টেম রিপোর্টের পর জানা যাবে।'
 
ইত্তেফাক/জামান